সতীর একান্ন পীঠের অন্যতম পবিত্রপীঠ পূর্ব মেদিনীপুরের তমলুকের দেবী বর্গভীমা মন্দির। এখানে দেবী বর্গভীমা বা ভীমারূপা হিসেবে অধিষ্ঠিত রয়েছেন। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, মহামায়া সতীর দেহাংশের মধ্যে তাঁর বাম গুল্ফ বা বাম পায়ের গোড়ালি …
সতীর একান্ন পীঠের অন্যতম পবিত্রপীঠ পূর্ব মেদিনীপুরের তমলুকের দেবী বর্গভীমা মন্দির। এখানে দেবী বর্গভীমা বা ভীমারূপা হিসেবে অধিষ্ঠিত রয়েছেন। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, মহামায়া সতীর দেহাংশের মধ্যে তাঁর বাম গুল্ফ বা বাম পায়ের গোড়ালি পড়েছিল এই পবিত্র ভূমিতে। এখানকার ভৈরব হলেন সর্বানন্দ, মতান্তরে কপালী। বছরের বিভিন্ন সময়ে তিথি অনুসারে দেবীকে নানা রূপে আরাধনা করা হয়—এখানে দুর্গাপূজা থেকে শুরু করে কালীপূজা, জগদ্ধাত্রী পূজা এবং অন্নপূর্ণা পূজা—সব উৎসবই স্বমহিমায় পালিত হয়।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, তমলুকের বর্গভীমা মন্দিরে দুর্গাপূজার সময় কোনো নতুন প্রতিমা গড়া হয় না কিংবা কোনো বোধনও করা হয় না। মূল মন্দিরে অধিষ্ঠিত দেবী বর্গভীমাকেই মায়ের সেই চিরন্তন রূপেই দুর্গাপূজার মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত আরাধনা করা হয়।
চিরাচরিত প্রথা মেনে আজও এই পূজায় বজায় রয়েছে শতবর্ষের ঐতিহ্য। মহাষষ্ঠীর দিন তমলুক রাজবাড়ি থেকে পুজোর সমস্ত সামগ্রী এবং রাজপরিবারের ঐতিহ্যবাহী তরোয়াল দেবী বর্গভীমা মন্দিরে আনা হয়। পূজার দিনগুলিতে দেবীর ঠিক পাশেই সসম্মানে সেই তরোয়াল অধিষ্ঠিত থাকে। এরপর বিজয়া দশমীর আনুষ্ঠানিক সমাপ্তির পর সেই তরোয়াল আবার সসম্ভ্রমে তমলুক রাজবাড়ীতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। শতাব্দীপ্রাচীন এই নিয়ম ও ভক্তিভরেই প্রতি বছর তমলুকের বর্গভীমা মন্দিরে মহাসমারোহে পালিত হয়ে আসছে দুর্গোৎসব।
কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ
