Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকের নিউ ব্রাইট স্টারে পালাবদলের হাওয়া, নবান্ন থেকে এ বারের থিম অযোধ্যার রামমন্দির

শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঘিরে এখন সাজ সাজ রব সর্বত্র। কোথাও সাবেকিয়ানার ছোঁয়া, কোথাও আবার অভিনব থিমে দর্শনার্থীদের চমক দেওয়ার প্রস্তুতি। সেই থিমে…


শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঘিরে এখন সাজ সাজ রব সর্বত্র। কোথাও সাবেকিয়ানার ছোঁয়া, কোথাও আবার অভিনব থিমে দর্শনার্থীদের চমক দেওয়ার প্রস্তুতি। সেই থিমের হাত ধরেই কখনও উঠে আসে সামাজিক বার্তা, কখনও বা ধরা পড়ে সময়ের পরিবর্তন।

​এক সময় পূর্ব মেদিনীপুরের তমলুকের নিউ ব্রাইট স্টার ক্লাবের মণ্ডপ জুড়ে ছিল কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, সবুজসাথী, যুবশ্রীর মতো রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের ছবি। মণ্ডপের মূল কাঠামো তৈরি হয়েছিল খাস 'নবান্ন'-এর আদলে। ছিল ‘বিশ্ব বাংলা’ লেখা বিশাল গ্লোবও। তবে এ বার সেই চেনা ছবির সম্পূর্ণ বদল। রাজনৈতিক পালাবদলের আবহকে সঙ্গী করে এ বার নিউ ব্রাইট স্টার ক্লাবের দুর্গাপুজোর থিম অযোধ্যার রামমন্দির।

​কয়েক বছর আগে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে থিমের মাধ্যমে তুলে ধরে তমলুক শহর তো বটেই, পার্শ্ববর্তী জেলা থেকেও বহু মানুষকে আকর্ষণ করেছিল এই পুজো। এ বার অবশ্য সরকারি প্রকল্পের বদলে মণ্ডপে প্রাধান্য পেয়েছে রামকথা এবং রামের জীবনকাহিনি। রামমন্দিরের আদলে মণ্ডপ তৈরির পাশাপাশি রামচরিতের নানা দিকও তুলে ধরার চেষ্টা করছেন উদ্যোক্তারা।

​রাজনৈতিক মহলের মতে, রাজ্যে রাজনৈতিক সমীকরণের বদলের ফলেই বিভিন্ন পুজোর থিমেও এই পরিবর্তনের ছাপ স্পষ্ট। নতুন সরকারের আমলে এটাই প্রথম দুর্গাপুজো। ফলে সেই আবহেই গা ভাসিয়েছে তমলুকের এই জনপ্রিয় পুজো কমিটিও।


​এ বিষয়ে ক্লাবের সম্পাদক শান্তনু মাইতি বলেন, "এ বার আমাদের পুজো ৪৪ বছরে পড়েছে। রামমন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে। রামের জীবনকাহিনি ও রামকথার নানা দিক তুলে ধরার চেষ্টা করেছি। দর্শনার্থীরা এলে রাম সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন বলে আশা করছি।"

​আগের পুজোয় নবান্নের আদলে মণ্ডপ তৈরির প্রসঙ্গ উঠতেই শান্তনু বলেন, "সেই সময় আমাদের নেতা আমাদের সঙ্গে ছিলেন। নেতা যখন দল পরিবর্তন করেছেন, আমরাও সে দিকেই চলে এসেছি।" দর্শনার্থীদের চোখ এখন তমলুকের রাম মন্দিরের দিকে থাকবে বলে আশা করছে পূজা উদ্যোক্তারা। 


কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ