Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া সাহিত্য পত্রিকার দৈনিক সেরা সম্মাননা

*চৈতালি রাতের রূপকথা* 
        অসীম দাস 
--প্রথম পঙক্তি , একটু বাবু হয়ে বসো তো , তোমাকে মনের মতন একটু সাজাতে চাই।  -- তাই ? তা কি দিয়ে সাজাবে আমায় ? --এই তোমার ললাট আর নাসিকা জুড়ে  এঁকে দিলাম অগরু চন্দনের অলকা তিলকা । কর্ণমূলে এ…


*চৈতালি রাতের রূপকথা* 

        অসীম দাস 

--প্রথম পঙক্তি , একটু বাবু হয়ে বসো তো ,
তোমাকে মনের মতন একটু সাজাতে চাই। 
-- তাই ? তা কি দিয়ে সাজাবে আমায় ?
--এই তোমার ললাট আর নাসিকা জুড়ে 
এঁকে দিলাম অগরু চন্দনের অলকা তিলকা ।
কর্ণমূলে একাদশী চাঁদের ঝুমঝুমি ।
কুন্তলে গুঁজে দিচ্ছি চৈতালি রাতের রূপকথা ।
-- তুমি তো আমাকে নারী ভেবে সাজাচ্ছো  ।
--দ্যাখো , যতক্ষণ আমি ভাবছি তুমি নারী 
তুমি আপাদমস্তক নারী হয়েই থাকবে। 
পুরুষ রূপে কল্পনা করলে সর্বাঙ্গীন পুরুষ। 
--কেন , আমি কি উভলিঙ্গ নাকি ?
--তোমার লিঙ্গ আমি নির্মাণ করি শব্দ যাদুতে !
এবার কেমন করে তোমাকে পুরুষ  সাজাচ্ছি দ্যাখো ।
কি আশ্চর্য লক্ষ্য করো , যেই ভেবেছি 
মিশকালো রাতে ঝাউবনের তিরতিরে পাতার কথা ,
তোমার নাকের ডগায় কেমন কুচকুচে 
গোঁফ গজিয়ে উঠেছে !
কল্পনার বালিয়াড়িতে একাদশী চাঁদ ডুবে গিয়ে 
তোমার কর্ণমূল কি রকম
ধূ ধূ ফাঁকা হয়ে গেছে !
শব্দ ধ্যানে আরব সাগরের ঢেউ এসে 
তোমার আলুলায়িত কুন্তলের রূপকথা 
ভাসিয়ে নিয়ে গেল !
এই তো মালিনীর মুকুর ধরেছি 
দ্যাখো , ঢেউয়ের প্রচ্ছায়া এসে তোমার 
ন্যাড়া মাথার উপরে কেমন 
কোঁকড়ানো বাবরি চুল দিয়ে গেছে !

প্রথম পঙক্তি হকচকিয়ে গিয়ে বলল 
-- বুঝলাম তুমি এক শব্দের যাদুকর ,
এবার আমার দোসর দ্বিতীয় পঙক্তিকে 
এনে দাও , বড্ড একা লাগছে ।
আমি দ্বিতীয় পঙক্তি আঁকতে বসলাম ।