অরুণ কুমার সাউ, ঘাটাল : দক্ষিণবঙ্গ জুড়ে চলছে প্রচণ্ড দাবদাহ। চৈত্র-বৈশাখের এই তীব্র গরমে ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ। এই কঠিন পরিস্থিতিতে পথচলতি ক্লান্ত ও তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল ঘাটালের জনপ্রিয় সামাজিক ও ক্যুইজ…
অরুণ কুমার সাউ, ঘাটাল : দক্ষিণবঙ্গ জুড়ে চলছে প্রচণ্ড দাবদাহ। চৈত্র-বৈশাখের এই তীব্র গরমে ওষ্ঠাগত সাধারণ মানুষের প্রাণ। এই কঠিন পরিস্থিতিতে পথচলতি ক্লান্ত ও তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এল ঘাটালের জনপ্রিয় সামাজিক ও ক্যুইজ সংগঠন টিম ক্যুইজ-ও-ম্যানিয়া'।ঘাটালের ব্যস্ততম এলাকা ঘড়ি মোড়ে সংগঠনের পক্ষ থেকে একটি বিশেষ জলছত্র ও পথচারীসেবা শিবিরের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলা এই কর্মসূচীতে কয়েকশো মানুষের হাতে তুলে দেওয়া হয় গ্রীষ্মকালীন আরামদায়ক খাবার ও পানীয়।তীব্র রোদের মধ্যে যাতায়াত করা সাধারণ মানুষ, টোটোচালক ও পথচারীদের ক্লান্তি দূর করতে এদিন বিতরণ করা হয় ঠাণ্ডা টক দই , চিঁড়ে, বাতাসা,গ্লুকোজ-ডি , শীতল ও সুস্বাদু শরবত।সংগঠনের এই মহতী উদ্যোগে শুধু ক্যুইজ-ও-ম্যানিয়ার সদস্যরাই নন, হাত মিলিয়েছিলেন সমাজের বিভিন্ন স্তরের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ। এলাকার বেশ কয়েকজন শ্রদ্ধেয় শিক্ষক এবং ছুটি কাটাতে কর্মসূত্রে বাইরে থেকে বাড়ি ফেরা কয়েকজন স্বর্ণশিল্পী দাদাভাই এই কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশ নেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়- এই প্রচণ্ড গরমে অগণিত মানুষের মুখে একটু তৃপ্তির হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত। যাঁরা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজকে সফল করলেন, সেই শ্রদ্ধেয় শিক্ষকগণ এবং স্বর্ণশিল্পী দাদাদের প্রতি আমরা টিম ক্যুইজ-ও-ম্যানিয়ার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তপ্ত দুপুরে এইরকম একটি মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঘাটালে যাতায়াত করা সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দারা।
