অরুণ কুমার সাউ, তমলুক: বর্তমান যুগের মূল্যবোধের সংকটের আবহে খুদে ও কিশোরদের মধ্যে মনীষী চর্চা এবং সংস্কৃতির আলো ছড়িয়ে দিতে এক অনন্য প্রয়াস দেখাল তমলুক শহরের একটি স্থানীয় সংস্থা। ২৩ মে ২০২৬, শনিবার তমলুক শহরের ৬ নম্বর ওয়ার্ডের রাজ…
অরুণ কুমার সাউ, তমলুক: বর্তমান যুগের মূল্যবোধের সংকটের আবহে খুদে ও কিশোরদের মধ্যে মনীষী চর্চা এবং সংস্কৃতির আলো ছড়িয়ে দিতে এক অনন্য প্রয়াস দেখাল তমলুক শহরের একটি স্থানীয় সংস্থা। ২৩ মে ২০২৬, শনিবার তমলুক শহরের ৬ নম্বর ওয়ার্ডের রাজবাড়ি সংলগ্ন এলাকার স্থায়ী বাসিন্দাদের সাংস্কৃতিক সংস্থা সম্প্রীতি পল্লী-র উদ্যোগে সাড়ম্বরে আয়োজিত হলো একটি রবীন্দ্র-নজরুল সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পল্লীর নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ। খুদে থেকে শুরু করে কিশোর-কিশোরীরা আবৃত্তি, নৃত্য এবং সংগীত পরিবেশনের মাধ্যমে দুই মহান কবি—রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে স্মরণ করে। পিছিয়ে ছিলেন না বড়রাও; তাঁদের সমবেত কণ্ঠে পরিবেশিত কোরাস সংগীত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী কবিতা দুই বিঘা জমি-র নাট্যরূপায়ন। স্থানীয় বাসিন্দাদের এই অনবদ্য অভিনয় উপস্থিত সকলের ভূয়সী প্রশংসা কুড়ায়। কেবল সাংস্কৃতিক চর্চাই নয়, শিক্ষার আঙিনাতেও এলাকার সন্তানদের উৎসাহিত করতে পিছপা হয়নি সম্প্রীতি পল্লী। এই মঞ্চ থেকেই পল্লীর অন্তর্গত ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্র-ছাত্রীদের বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটির মর্যাদা বৃদ্ধি করেন একঝাঁক শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ব্রহ্মময় নন্দ, অধ্যাপক ড. প্রীতি রঞ্জন পাহাড়ি,চিত্তরঞ্জন রনসিংহ(সভাপতি, সম্প্রীতি পল্লী)।সম্প্রীতি পল্লীর সম্পাদক সতীশ সাউ বলেন,২০১০ সাল থেকে আমাদের এই সম্প্রীতি পল্লী গড়ে উঠেছে। মূলত ছোট ছোট ছেলে-মেয়েদের মধ্যে মনীষী চর্চার উদ্দেশ্যেই এই পল্লীর পথচলা। বর্তমান সমাজে যখন মূল্যবোধের চরম সংকট দেখা দিচ্ছে, তখন এই বড় মানুষদের জীবন চর্চার মধ্য দিয়েই যাতে ছোটরা আগামী দিনে যথার্থ মানুষ হয়ে উঠতে পারে—সেই প্রচেষ্টাতেই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন।এলাকার বাসিন্দাদের মতে, যান্ত্রিক সভ্যতার যুগে এই ধরণের আয়োজন শুধু বিনোদন নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে এক বলিষ্ঠ পদক্ষেপ। সমগ্র অনুষ্ঠানটিকে কেন্দ্র করে রাজবাড়ি সংলগ্ন এলাকায় একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল।
