Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনুষ্ঠিত হলো মেদিনী কথাচর্চার মেক'শপ -২৬

নিজস্ব প্রতিবেদক, খড়্গপুর : মেদিনী কথাচর্চার আয়োজনে বাংলা ছোটগল্পের মান-নির্মাণ-বিনির্মাণ বিষয়ে অনুষ্ঠিত হলো মেক'শপ -২৬ । খড়্গপুর শহরের গোলখুলি দুর্গামন্দিরে আয়োজিত এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার গল্পকা…


নিজস্ব প্রতিবেদক, খড়্গপুর : মেদিনী কথাচর্চার আয়োজনে বাংলা ছোটগল্পের মান-নির্মাণ-বিনির্মাণ বিষয়ে অনুষ্ঠিত হলো মেক'শপ -২৬ । খড়্গপুর শহরের গোলখুলি দুর্গামন্দিরে আয়োজিত এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার গল্পকার, অধ্যাপক গবেষকদের এক বড় অংশ। এই ওয়ার্কশপে উপস্থিত থাকার সুবাদে গল্পকারেরা ছোট গল্পের নানা বিষয়-আশয়ে ওয়াকিবহাল হলেন।  অংশগ্রহণকারী শ্রোতারা ধন্যবাদ জানালেন মেদিনী কথাচর্চার উদ্যোক্তা নরেশ জানা, বিধান চন্দ্র রায়, শাজাহান কবির, সুকুমার কলা, সুনীল ভুঁইয়া, শ্বেতা সরকার, মিঠু মন্ডল, যুথিকা দাস অধিকারী, জয়ন্তী রায় সহ অন্যান্য গুণীজনদের।  প্রায় পাঁচঘন্টাব্যাপি নানাজনের আলোচনায় উঠে এলো ছোট গল্পের ফর্ম, কন্টেন্ট, আধুনিক, উত্তর আধুনিক সহ গল্পের নানা প্রসঙ্গ। অজ্ঞেয়বাদ, অদৃষ্টবাদ, আশাবাদ এবং মূর্ত, বিমূর্ত, ম্যাজিক রিয়েলিজম এর বিস্তৃত ভাণ্ডারের রহস্যময়তার দরজা খুলে প্রাণবন্ত আলোচনায় উঠে এলো গল্পের এক বিশাল সমৃদ্ধ জগৎ।

 প্রধান অতিথি সিদ্ধার্থ সাঁতরা তাঁর আলোচনায় নানান ধরনের গল্পের বিষয়ে উল্লেখ করলেন যার মধ্যে রূপক বা সাংকেতিক গল্প, মনোস্তাত্বিক গল্প, সামাজিক গল্প, রোমান্টিক গল্প, দার্শনিক গল্প, প্রকৃতি বিষয়ক গল্প, বৈজ্ঞানিক গল্প, অতিপ্রাকৃত ও ব্যঙ্গ গল্প, হাসির গল্প এবং গোয়েন্দা গল্পের আলোচনার পরিসরে উঠে এলো না-জানা বিষয়ের সাবলীল প্রসঙ্গ। সিদ্ধার্থ সাঁতরা আলোচনা প্রসঙ্গে বললেন রবীন্দ্রনাথের গল্প নিয়ে সত্যজিৎ রায়ের সিনেমা করার সময় গল্পের কিছু কিছু অংশ পরিবর্তন করে নেওয়ার কথা। যেখানে সত্যজিৎ বলেছিলেন ছবির গল্পকে তিনি সময়োপযোগী করে নিয়েছেন। মানে গল্পের গ্রহণযোগ্যতা স্থায়ী নয় বরং একান্তই সময় কেন্দ্রিক।


      এদিনের এই ওয়ার্কশপের শুরুতে সভামুখ্য ড. মধুপ দে তাঁর মনোজ্ঞ আলোচনায় উপস্থিত গল্পকারদের গল্পের নানান খুঁটিনাটি বিষয়ে ওয়াকিবহাল করলেন। প্রারম্ভিক আলোচক ও অনুষ্ঠানের উদ্বোধক ড. লায়েক আলি খান ছোটগল্পের শুরু ছোটগল্পের শেষ বিষয়ে তাঁর মূল্যবান আলোচনাটিতে অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গের সঙ্গে রক্তকরবী ও রবীন্দ্রগল্পের পরিসরটি প্রাঞ্জল ভাষায় ব্যক্ত করেন এবং তাঁর আলোচনা শেষে অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তর দেন।

    এরপর বিশিষ্ট গদ্যকার ও সাংস্কৃতিক সংগঠক শুভশিস ঘোষ রূপক, সাংকেতিক, বিমূর্ত ছোটগল্পের বিষয়ে আলোচনা করেন। বিস্তারিত আলোচনায় সাংকেতিক গল্প ও রূপকের প্রয়োগ উদাহরণ সহ বিস্তৃত আলোচনা করেন।  সাহিত্যিক সুবিমল মিশ্রর রচনা বৈশিষ্ট্য বিষয়ে মন খুলে আলোচনা করেন।

        এরপর ছোট গল্পের অন্তর্বয়ন বিষয়ে আলোচনা করেন ঔপন্যাসিক ড. শ্যামলী রক্ষিত।  নানা গল্পের কত বিবিধ প্রসঙ্গ উঠে এলো তাঁরমূল্যবান আলোচনায়। গল্পের গঠন বিষয়ে তাঁর আলোচনায় ঋদ্ধ হলেন উপস্থিত গুণীজনেরা।

    শেষে "অনাখ্যানের কথা" বিষয়টি নিয়ে আলোচনা করেন অধ্যাপক অরিন্দম গোস্বামী। আখ্যান এবং অনাখ্যান বিষয়ে বিমল কর ও অন্যান্য গল্পকারদের লেখনীর বৈশিষ্ট্য নিয়ে সহজ সাবলীল আলোচনায় আমাদের সামনে আলোকজ্জ্বল এক গল্পের জগৎ তুলে ধরেন।

  একটি অসামান্য আয়োজন যা জেলার গল্প লেখকদের ঋদ্ধ করলো মেদিনী কথাচর্চার উদ্যোগে। এই একটা দুপুর গল্পের মায়াবী জগতের রহস্যময়তার আবরণ খুলে ঝকঝকে সুন্দর সৃষ্টিশীলতার যে চিত্রময়তা উপহার দিল তার ভালোলাগার আবেশ রয়ে যাবে আজীবন।