অরুণ কুমার সাউ, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলা বরাবরই বীর ও বীরাঙ্গনাদের মাটি। এই জেলারই অন্যতম গর্ব, মহান স্বাধীনতা সংগ্রামী শহীদ মাতঙ্গিনী হাজরা। তাঁর পবিত্র আত্মবলিদান দিবস উপলক্ষে জেলাজুড়ে শ্রদ্ধা ও সেবার এক অনন্য মেলবন্ধন দেখা …
অরুণ কুমার সাউ, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলা বরাবরই বীর ও বীরাঙ্গনাদের মাটি। এই জেলারই অন্যতম গর্ব, মহান স্বাধীনতা সংগ্রামী শহীদ মাতঙ্গিনী হাজরা। তাঁর পবিত্র আত্মবলিদান দিবস উপলক্ষে জেলাজুড়ে শ্রদ্ধা ও সেবার এক অনন্য মেলবন্ধন দেখা গেল।দিবসটি স্মরণে তমলুক বিধানসভার শহীদ মাতঙ্গিনী ব্লকের নারায়ণদাঁড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন ময়দানে আয়োজন করা হয়েছিল একটি রক্তদান শিবিরের।
‘শহীদ মাতঙ্গিনী হাজরা আত্মবলিদান উদযাপন কমিটির’ উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরটি কার্যত একটি সামাজিক উৎসবে পরিণত হয়। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত বিশিষ্ট অতিথিরা বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।এদিনের এই মহতী অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী ডক্টর হরেকৃষ্ণ বেরা, মন্ত্রী দিব্যেন্দু অধিকারী, নন্দকুমার বিধানসভার বিধায়ক নির্মল কুমার খাঁড়া এবং পূর্ব পাঁশকুড়ার বিধায়ক সুব্রত মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক সংগ্রাম দোলোই, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী সুমেরু চক্রবর্তী, বিশিষ্ট আইনজীবী মলয় সিনহা এবং বিশিষ্ট সমাজসেবী দিবাকর জানা সহ একঝাঁক গুণীজন।
সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সহযোগিতায় ছিলেন আস্তাড়া স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন এবং আস্তাড়া মাতৃ শক্তির সদস্যরা। বর্তমানে রাজ্যজুড়ে চলা তীব্র দাবদাহ ও গরমকে উপেক্ষা করেই রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। গরমের ক্লান্তি ভুলে মোট ৯৪ জন রক্তদাতা এদিন স্বেচ্ছায় রক্তদান করেন এবং সামাজিক এই মহৎ কর্মে নিজেদের নিয়োজিত করেন। জীবনদায়ী রক্ত তুলে দিয়ে সমাজসেবায় এগিয়ে আসা এই সকল রক্তদাতাদের ‘শহীদ মাতঙ্গিনী হাজরা আত্মবলিদান উদযাপন কমিটির’ পক্ষ থেকে আন্তরিক কুর্নিশ ও ধন্যবাদ জানানো হয়েছে।


