*অরুণ কুমার সাউ, মহিষাদল:* রাজ্যে সরকার পরিবর্তন হলেও নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি। মহিলাদের জন্য একাধিক সরকারি প্রকল্প চালু হলেও, বাস্তব ক্ষেত্রে নারীদের নিরাপত্তা আজ চরম সংকটে। দেড় মাসের শিশু থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধ…
*অরুণ কুমার সাউ, মহিষাদল:* রাজ্যে সরকার পরিবর্তন হলেও নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি। মহিলাদের জন্য একাধিক সরকারি প্রকল্প চালু হলেও, বাস্তব ক্ষেত্রে নারীদের নিরাপত্তা আজ চরম সংকটে। দেড় মাসের শিশু থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধা— কেউই আজ সুরক্ষিত নন। প্রতিদিন রাজ্যে কোথাও না কোথাও নারী নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। এমনই এক নৃশংস এবং লজ্জাজনক ঘটনার সাক্ষী হলো পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের কাঞ্চনপুর গ্রাম। সেখানে মাত্র সাড়ে তিন বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের শিকার হতে হয়েছে এক ৫৫ বছর বয়সী ব্যক্তির কাছে। এই অমানবিক ঘটনার প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাস্তায় নামলো SUCI (C)-এর তিন গণসংগঠন AIDSO, AIDYO এবং AIMSS। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে AIDSO, AIDYO ও AIMSS-এর পক্ষ থেকে মহিষাদল থানায় একটি বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়। সংগঠনের কর্মী ও সমর্থকরা থানা চত্বরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পুলিশের কাছে একটি ডেপুটেশন জমা দেন।আন্দোলনকারীদের মূল দাবি: অবিলম্বে এই ঘটনার তদন্তপ্রক্রিয়া শেষ করতে হবে এবং দোষীকে দ্রুত দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায়।ডেপুটেশন দেওয়ার পাশাপাশি এলাকায় একটি প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃত্বরা ক্ষোভ উগরে দিয়ে বলেন, শুধুমাত্র কাগজে-কলমে বা প্রকল্পের মাধ্যমে নারী উন্নয়ন সম্ভব নয়, যদি না সমাজ ও প্রশাসনের স্তরে নারীদের প্রকৃত নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। গোটা দেশজুড়েই নারীদের ওপর বাড়তে থাকা অত্যাচারের বিরুদ্ধে এবং নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানানো হয় এই সভা থেকে এই যৌথ প্রতিবাদ কর্মসূচিতে অগ্রণী ভূমিকা নেন এবং নেতৃত্ব দেন রিতা ওঝা (AIMSS),আশীষ দোলাই (AIDYO)শুভজিৎ অধিকারী(AIDSO)।
এলাকার সাধারণ মানুষও এই ন্যাক্কারজনক ঘটনার পর তীব্র ক্ষোভে ফুঁসছেন। প্রশাসন অপরাধীর বিরুদ্ধে কত দ্রুত পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।
