নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ..... অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন দৈনিক মেদিনীপুর টাইমস পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হলো মেধা পুরস্কার-২০২৬ প্রদন অনুষ্ঠান ।মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে আয়োজিত এই অনুষ্ঠানে সবাইকে স্…
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ..... অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন দৈনিক মেদিনীপুর টাইমস পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হলো মেধা পুরস্কার-২০২৬ প্রদন অনুষ্ঠান ।মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে আয়োজিত এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান পত্রিকার সম্পাদক বর্ষীয়ান তারাশংকর চক্রবর্তী।সভার শুরুতে বন্দেমাতরম্ ও 'জনগণ মন অধিনায়ক' সঙ্গীত দুটি পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি।
অনুষ্ঠানে সরস্বতী বন্দনা পরিবেশন শিশুশিল্পী শাক্য চক্রবর্তী ও পাহী চক্রবর্তী। অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ও সাহিত্যিক মধুপ দে মেধা পুরস্কারের ৩৯ বছরের ইতিবৃত্ত সংক্ষেপে তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত,রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপিকা স্বপ্না ঘোড়ুই,মেদিনীপুর কলেজের অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ, ভগবতী দেবী পিটিটিআই এর অধ্যক্ষ সিদ্ধার্থ মিশ্র, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রধান শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী, পুরসভার কাউন্সিলর-চিকিৎসক ডাঃ গোলোক মাজী,চিকিৎসক ডাঃ সুদীপ চৌধুরী, আইনজীবী তীর্থঙ্কর ভকত, সমাজসেবী শ্যামল দাস, শিক্ষিকা সুতপা বসু, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
এই অনুষ্ঠানে জেলার এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী পরীক্ষার্থীদের মেধা পুরস্কারে পুরস্কৃত করা হয়। পাশাপাশি আর্থিক দিক থেকে কিছুটা পিছিয়ে থাকা ৬৬ জন মেধাবী পড়ুয়ার হাতে এককালীন আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এদিন ক্রীড়া ,সংস্কৃতি,শিক্ষা সাংবাদিকতা ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাতজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। পুরস্কৃত হন বাচিক দম্পতি রত্না দে ও নরোত্তম দে,সঙ্গীতশিল্পী সমীর মোহান্তি, নাট্যকর্মী ও বাচিক শিল্পী অসীম বসু,শিশু সঙ্গীত শিল্পী অদিত্রী আঢ্য, সাংবাদিক ও সংস্কৃতি কর্মী মন্দিরা পান্ডা,যোগাসনে পারদর্শী ক্রীড়া ব্যক্তিত্ব সুচরিতা কর্মকার কুইলা প্রমুখ প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হন ফুটবল কোচিং ক্লাব শালবনি জাগরণ। এটি ছিল মেধা পুরস্কার প্রদানের ৩৯ তম বর্ষ।
অন্যান্যদের পাশাপাশি নিজের অকালে প্রয়াত পুত্র সৌরদীপ চৌধুরীর স্মৃতিতে তাঁর পিতা মাতা সুদীপ চৌধুরী ও সুদীপ চৌধুরী বেশ কিছু পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন। অন্যান্য অতিথিদের সাথে এদিন বিধায়ক শংকর গুছাইত মেধা পুরস্কারের একটি স্মরণিকা প্রকাশ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অখিলবন্ধু মহাপাত্র। অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পত্রিকার সম্পাদক তারাশংকর চক্রবর্তী।


