Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

থ্রিডি প্রিন্টিং এ স্বপ্নের পথ চলা শুরু বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে

নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ....পশ্চিম মেদিনীপুর জেলার ছয়টি বিদ্যালয়ে আইআইটি মাদ্রাজের অধ্যাপক ড .পীযূষ ঘোষের মস্তিষ্কপ্রসূত টিচ টু লার্ন (Teach To Learn) পরিচালিত ডিভাইস ইঞ্জিনিয়ারিং ল্যাব (DEL) প্রতিষ্ঠিত হয় ২০২৪ সাল…


নিজস্ব প্রতিবেদক, পশ্চিম মেদিনীপুর ....পশ্চিম মেদিনীপুর জেলার ছয়টি বিদ্যালয়ে আইআইটি মাদ্রাজের অধ্যাপক ড .পীযূষ ঘোষের মস্তিষ্কপ্রসূত টিচ টু লার্ন (Teach To Learn) পরিচালিত ডিভাইস ইঞ্জিনিয়ারিং ল্যাব (DEL) প্রতিষ্ঠিত হয় ২০২৪ সালে। প্রথমে ডিভাইস ইঞ্জিনিয়ারিং ল্যাবে শিক্ষার্থীদের ছোট ছোট যন্ত্রপাতির মাধ্যমে হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তীতে তাদের আগ্রহ ও উৎসাহ দেখে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তির পরিকল্পনা নেওয়া হয়। মাদ্রাজ আইআইটিতে প্রশিক্ষিত প্রশিক্ষকরা জঙ্গলমহলের বিদ্যালয় গুলিতে এই থ্রিডি প্রিন্টিং শেখান। মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এই কর্মশালা শুরু হয়। দুই বছর প্রশিক্ষণ শেষে এই সম্মেলন এবং প্রদর্শনীর আয়োজন।আয়োজক টিচ টু লার্ন আইআইটি মাদ্রাজ। ভার্টিভ এনার্জি প্রাইভেট লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় এবং মোট ছয়টি বিদ্যালয়ের যৌথ প্রয়াসে মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে যে প্রদর্শনী এবং সম্মেলন হয় তা পশ্চিমবঙ্গের থ্রিডি প্রিন্টিং ইতিহাসে নজির সৃষ্টি করেছে । এই কর্মশালা এবং প্রদর্শনীতে মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ ছাড়াও শালবনি ব্লকের ভাদুতলা বিবেকানন্দ হাই স্কুল, গৌতম স্মৃতি সাতপাটি বীণাপাণি বিদ্যামন্দির, পিড়াকাটা হাই স্কুল এবং গোদাপিয়াশাল চারুবালা বালিকা বিদ্যালয় ও মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 

মাদ্রাজ আইআইটির অ্যাপ্লায়েড মেকানিক্স বিভাগের অধ্যাপক ড. পীযূষ ঘোষের এই স্বপ্নের প্রকল্পটি যাতে মেদিনীপুর তথা পশ্চিমবঙ্গে প্রসারিত হয়, এই প্রজন্মের শিক্ষার্থীরা কাজের দিশা পেতে পারে, বিজ্ঞানের প্রতি অনুসন্ধিৎসা এবং আগ্রহ বাড়ে সেই ভাবনা থেকেই এই আয়োজন। 

উদ্ভাবন, সৃজন এবং অনুপ্রেরণাই এই থ্রিডি প্রিন্টিং প্রদর্শনী এবং সম্মেলনের মূল লক্ষ্য। 



সম্প্রতি চার দিন ব্যাপী অনুষ্ঠিত এই সৃজনশীল কর্মকাণ্ডে থ্রিডি প্রিন্টিং স্টল ছাড়াও থ্রিডি প্রিন্টিং বিষয়ক বিশেষজ্ঞ আলোচনা, বিজ্ঞান সচেতনতা ও অনুপ্রেরণামূলক সেমিনার, বিশিষ্ট অধ্যাপক এবং শিল্পপতিদের উপস্থিতি এবং পেশা নির্দেশিকা এবং পরামর্শদানই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

অতিথি এবং বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর কলেজ (অটোনোমাস), কলকাতা বিশ্ববিদ্যালয়, আইআইইএসটি, শিবপুর, আইআইটি, বিএইচইউ, আইআইটি, খড়গপুর, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক- অধ্যাপিকা যেমন ছিলেন পাশাপাশি ছিলেন সিরামেট কোম্পানি এবং আলফাটেক সিস্টেমস এর সিইও এবং এমডি তথা কোম্পানির প্রধানগণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ফুয়াদ এম্বাসি অফ ইন্দোনেশিয়া।


অংশগ্রহণকারী ছয়টি বিদ্যালয়ের মোট দুই শতাধিক শিক্ষার্থী ও আমন্ত্রিত বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীর মধ্যে আগ্রহ এবং উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এছাড়াও এলাকার আগ্রহী ও উৎসাহী মানুষজন, অংশগ্রহণকারী এবং আমন্ত্রিত বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং আমন্ত্রিত বিষয় শিক্ষক-শিক্ষিকাগণ এই সম্মেলন এবং প্রদর্শনীতে উপস্থিত হয়েছেন এবং সমৃদ্ধ হয়েছেন।


আইআইটি, মাদ্রাজের টিচ টু লার্ন কর্মসূচির প্রধান অধ্যাপক ডঃ পীযূষ ঘোষ জানান, " তামিলনাড়ু এবং কেরলে স্কুল শিক্ষার্থীদের মধ্যে থ্রিডি প্রিন্টিং কর্মসূচি দারুণভাবে সাফল্য লাভ করছে। এই কর্মসূচিকে আমার জন্মভূমি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য ছিল। তারই প্রাথমিক পদক্ষেপ এই ছয়টি বিদ্যালয়ে থ্রিডি প্রিন্টিং কর্মসূচির সূচনা। শুধু প্রাথমিক আগ্রহ বা উৎসাহ তৈরিই নয়, ভবিষ্যতে পশ্চিমবঙ্গে থ্রিডি প্রিন্টিং কর্মসূচি নিয়ে যাতে আগ্রহ বাড়ে এবং বিভিন্ন কোম্পানি যাতে এই শিল্পে বিনিয়োগ করে তার জন্যই আমাদের এই উদ্যোগ।"


আয়োজক মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া জানান, " থ্রিডি প্রিন্টিং এর মত বিষয় নিয়ে এমন সম্মেলন এবং প্রদর্শনী আমাদের বিদ্যালয়ে আয়োজন হতে পারে এবং আমাদের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করতে পারে, এটা আমরা ভাবতেই পারিনি। তেমনি অভাবনীয় কর্মসূচি সফলভাবে রূপায়িত হল সকলের আন্তরিক সহযোগিতায়। অধ্যাপক ড. পীযূষ ঘোষ সহ টিচ টু লার্ন এবং সংশ্লিষ্ট বিদ্যালয় গুলিকে আন্তরিক ধন্যবাদ জানাই । বিশেষ ধন্যবাদ জানাই জেলা বিদ্যালয় পরিদর্শক অমিত রায়কে, যার অনুমোদন আমাদের এই কর্মসূচিকে সার্থক রূপায়নে সাহায্য করলো।"