Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গলির ভেতর জীবনদায়ী ‘জীবন সাথী’, কোলাঘাটে চালু অভিনব টোটো অ্যাম্বুলেন্স

গ্রামীণ মেঠো পথ কিংবা শহরের তস্য গলি—জরুরি পরিস্থিতিতে যেখানে বড় অ্যাম্বুলেন্স ঢোকা প্রায় অসম্ভব, সেখানে এবার মুমূর্ষু রোগীর ত্রাতা হয়ে দোরগোড়ায় পৌঁছে যাবে ‘জীবন সাথী’। গ্রামীণ ও মফস্বল এলাকার প্রান্তিক মানুষের স্বাস্থ্য পরিষেবার…


গ্রামীণ মেঠো পথ কিংবা শহরের তস্য গলি—জরুরি পরিস্থিতিতে যেখানে বড় অ্যাম্বুলেন্স ঢোকা প্রায় অসম্ভব, সেখানে এবার মুমূর্ষু রোগীর ত্রাতা হয়ে দোরগোড়ায় পৌঁছে যাবে ‘জীবন সাথী’। গ্রামীণ ও মফস্বল এলাকার প্রান্তিক মানুষের স্বাস্থ্য পরিষেবার কথা মাথায় রেখে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে চালু হল এক অভিনব ও পরিবেশবান্ধব টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা। কোলাঘাট নতুন বাজার এলাকার একটি সংস্থার মানবিক উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই জীবনদায়ী যানটির শুভ সূচনা ঘটেছে।

জানা গিয়েছে, এই বিশেষ ব্যাটারি চালিত অ্যাম্বুলেন্সটির সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন এলাকার বিশিষ্ট ও সহৃদয় চিকিৎসক ডাঃ শ্যামল আদক। এদিন এলাকার প্রবীণ নাগরিক শ্রীমতি বাসন্তী আদক ফিতা কেটে এই অভিনব অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সমাজকর্মী মহাদেব সেনগুপ্ত, কোলাঘাট ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডাঃ সাম্ব ভৌমিক, রাধামাধবজিউ আশ্রমের প্রতিষ্ঠাতা ভীম দাস এবং সমাজকর্মী রাজীব জৈন সহ এলাকার বহু গুণীজন।


কী কী সুবিধা থাকছে এই ‘জীবন সাথী’তে?

সাধারণ মানুষের সুবিধার্থে এই যানটিকে বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।

আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় অ্যাম্বুলেন্সের ভেতরেই থাকছে অক্সিজেনের সুব্যবস্থা।

সংকটাপন্ন রোগী ছাড়াও তাঁর সঙ্গে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে বসে যেতে পারবেন পরিবারের আরও ৩ জন সদস্য।

কোলাঘাট ও মেছেদা সংলগ্ন এলাকার সাধারণ মানুষের পকেটের কথা ভেবে অত্যন্ত ন্যূনতম ব্যয়ে এই পরিষেবা মিলবে। একটি মাত্র ফোনেই সময়ে রোগীকে উদ্ধার করতে দোরগোড়ায় হাজির হবে এই যান।

চিকিৎসক শ্যামল কুমার আদক জানিয়েছেন

"গ্রামের সংকীর্ণ রাস্তা থেকে পাড়ার গলি পেরিয়ে মানুষের বাড়ির উঠোন পর্যন্ত এই অ্যাম্বুলেন্স অনায়াসে যাতায়াত করতে পারবে। বড় গাড়ি যে সমস্ত দুর্গম জায়গায় পৌঁছাতে পারে না, সেখানে এটি দ্রুত পৌঁছে জীবন বাঁচাতে সাহায্য করবে।"


সংস্থার অন্যতম সদস্য অসীম দাস বলেন, "গ্রামের রাস্তায় কিংবা শহরের গলিতে বড় অ্যাম্বুলেন্স ঢোকার পরিসর থাকে না। সেই জায়গায় সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে পৌঁছে যাবে এই টোটো অ্যাম্বুলেন্স!"


কাজল মাইতির রিপোর্ট, দেশ মানুষ