*অরুণ কুমার সাউ,তমলুক:* ময়দানের ঐতিহ্যবাহী জর্জ টেলিগ্রাফের হাত ধরে এই প্রথমবার কলকাতা ফুটবল লিগে পা রাখতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার ‘তমলুক খেলাঘর’। দুই ক্লাবের সংযুক্তির পর নতুন দলের নামকরণ করা হয়েছে ‘তমলুক খেলাঘর জর্জ টেলিগ্…
*অরুণ কুমার সাউ,তমলুক:* ময়দানের ঐতিহ্যবাহী জর্জ টেলিগ্রাফের হাত ধরে এই প্রথমবার কলকাতা ফুটবল লিগে পা রাখতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলার ‘তমলুক খেলাঘর’। দুই ক্লাবের সংযুক্তির পর নতুন দলের নামকরণ করা হয়েছে ‘তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব’। আর অভিষেক মরশুমের প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি হতে হচ্ছে ময়দানের অন্যতম প্রধান শক্তি ইস্টবেঙ্গল ক্লাবের। হাইভোল্টেজ এই ম্যাচটিকে কেন্দ্র করে শুধু তমলুক নয়, গোটা জেলা জুড়েই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা ও পারদ চড়তে শুরু করেছে।সবচেয়ে বড় চমক রয়েছে দলের ডাগ-আউটে। মোহনবাগানের প্রাক্তন কিংবদন্তি ফুটবলার জোসে রামিরেজ ব্যারেটোর কোচিংয়ে সেজে উঠেছে এই নতুন দল।
তমলুকের একটি সভাগৃহে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আসন্ন লিগের জন্য দলের নতুন জার্সি উন্মোচন করা হলো।জার্সি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জর্জ টেলিগ্রাফের সভাপতি তথা আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, দলের প্রধান কোচ তথা প্রাক্তন তারকা ফুটবলার ব্যারেটো, তমলুক খেলাঘরের সভাপতি সুব্রত জানা,পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত, খেলাঘর ক্লাবের সম্পাদক গোপাল সামন্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।প্রথম ম্যাচেই লাল-হলুদ ব্রিগেডের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হলেও বিন্দুমাত্র ভীত নয় তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ। বরং ঘরের ছেলেদের ওপর পূর্ণ আস্থা রাখছেন কর্মকর্তারা। জার্সি উন্মোচন অনুষ্ঠানে ক্লাব কর্তৃপক্ষের গলায় শোনা গেল রীতিমতো হুঙ্কার। তারা অত্যন্ত উচ্ছ্বসিত এবং আশাবাদী যে, প্রথম ম্যাচেই ইস্টবেঙ্গলকে হারিয়ে মাঠ ছাড়বে তাদের দল।জেলাই শুধু নয়, এখন খোদ কলকাতার ময়দানও অধীর আগ্রহে অপেক্ষা করছে ব্যারেটোর মস্তিস্ক বনাম ইস্টবেঙ্গলের এই হাইভোল্টেজ দ্বৈরথ দেখার জন্য।

