অরুণ কুমার সাউ, কোলাঘাট: গ্রামীণ ও মফস্বলের সংকীর্ণ রাস্তা বা পাড়ার গলির ভেতর থেকে মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে কোলাঘাটে চালু হল বিশেষ টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা। বৃহস্পতিবার কোলাঘাট নতুন বাজার সংকেত ক্লাবের উদ্যোগ…
অরুণ কুমার সাউ, কোলাঘাট: গ্রামীণ ও মফস্বলের সংকীর্ণ রাস্তা বা পাড়ার গলির ভেতর থেকে মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে কোলাঘাটে চালু হল বিশেষ টোটো অ্যাম্বুলেন্স পরিষেবা। বৃহস্পতিবার কোলাঘাট নতুন বাজার সংকেত ক্লাবের উদ্যোগে এই অভিনব জীবনদায়ী "জীবন সাথী" অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।এই টোটো অ্যাম্বুলেন্সটির সম্পূর্ণ ব্যয়ভার বহন করেছেন এলাকার বিশিষ্ট চিকিৎসক ডাঃ শ্যামল আদক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, "গ্রামের সংকীর্ণ রাস্তা থেকে পাড়ার গলি, তস্য গলির ভেতর মানুষের উঠোন পর্যন্ত এই অ্যাম্বুলেন্স অনায়াসে যাতায়াত করতে পারবে। ফলে সংকীর্ণ রাস্তার কারণে যেখানে বড় গাড়ি ঢুকতে পারে না, সেখান থেকেও রোগীকে দ্রুত উদ্ধার করা সম্ভব হবে।"সম্পূর্ণ ব্যাটারি চালিত এই পরিবেশবান্ধব অ্যাম্বুলেন্সটিতে জরুরি প্রয়োজনের সব রকম ব্যবস্থাই রাখা হয়েছে। শ্বাসকষ্টের রোগীদের জন্য গাড়ির ভেতরেই থাকছে অক্সিজেনের সিলিন্ডার।সংকটাপন্ন রোগী ছাড়াও তাঁর সঙ্গে আরও তিনজন সহযোগী বা আত্মীয় অনায়াসে বসে যেতে পারবেন।কোলাঘাট ও মেছেদা সংলগ্ন গ্রামীণ এলাকার সাধারণ মানুষের সাধ্যের মধ্যে, অত্যন্ত ন্যূনতম খরচে এই পরিষেবা মিলবে। ফোনে যোগাযোগ করলেই নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবে এই যান।
সংকেত ক্লাবের পক্ষে শুভঙ্কর বোস জানান,"আমাদের সংস্থায় এমনিতেই বড় অ্যাম্বুলেন্সের সুবিধা রয়েছে। তা সত্ত্বেও স্থানীয় স্তরে কম দূরত্বে এবং কম খরচে পাড়ার ভেতরের রোগীদের পরিষেবা দিতেই এই উদ্যোগ। আগামীদিনে চাহিদা অনুযায়ী এই রকম আরও কয়েকটি টোটো অ্যাম্বুলেন্স রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে আমাদের।"এদিন এক আবেগঘন পরিবেশে ফিতে কেটে এই অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন এলাকার প্রবীণ নাগরিক শ্রীমতি বাসন্তী আদক। অনুষ্ঠান মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সমাজকর্মী মহাদেব সেনগুপ্ত, কোলাঘাট ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডাঃ সাম্ব ভৌমিক, রাধামাধবজিউ আশ্রমের প্রতিষ্ঠাতা ভীম দাস এবং সমাজকর্মী রাজীব জৈন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দাদের মতে, এই "জীবন সাথী" টোটো অ্যাম্বুলেন্স আগামীদিনে এলাকার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ও বৈপ্লবিক ভূমিকা পালন করবে।



