অরুণ কুমার সাউ, নন্দকুমার: পূর্ব মেদিনীপুর জেলার খঞ্চি গুণধর আদর্শ বিদ্যাপীঠের হলঘরে সম্প্রতি অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নন্দকুমার সি. ভি. রমন বিজ্ঞান কেন্দ্রের অভীক্ষা কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজ্ঞা…
অরুণ কুমার সাউ, নন্দকুমার: পূর্ব মেদিনীপুর জেলার খঞ্চি গুণধর আদর্শ বিদ্যাপীঠের হলঘরে সম্প্রতি অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নন্দকুমার সি. ভি. রমন বিজ্ঞান কেন্দ্রের অভীক্ষা কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে এই আয়োজনে কৃতী শিক্ষার্থীদের হাতে বিজ্ঞানভিত্তিক বই, মেডেল ও শংসাপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি, সম্মানিত করা হয় বিজ্ঞান কেন্দ্রের সদস্য, অতিথি ও সংশ্লিষ্ট শিক্ষকদের।
অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার বিভাগের সহ-অধিকর্তা মহুয়া পাত্রের হাত ধরে "বিজ্ঞানের বিস্ময় ও খাবারের আশ্চর্যজনক আবিষ্কার" গ্রন্থের শুভ প্রকাশ।রেডিওলজিস্ট নারায়ণ প্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য কাউন্সিল সদস্য বিষ্ণুপদ বাসুলি, মহুয়া পাত্র, কালিশংকর ঘোড়াই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের চার দশকের ঐতিহ্য, যুক্তিবাদী চিন্তা ও বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন।
অতিথিদের সম্মাননা জানান কেন্দ্রের সম্পাদক পবিত্র কুমার ভক্তা, অভীক্ষা নিয়ামক পার্থ ভট্টাচার্য্য এবং অচিন্ত্য কুমার সামন্ত। বিভিন্ন স্কুলের শিক্ষকদের হাতে অভীক্ষা কেন্দ্রের স্মারক তুলে দেওয়া হয়। বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক ও বিজ্ঞানকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আগামী প্রজন্ম গড়ে তোলার এক উজ্জ্বল অঙ্গীকারে পরিণত হয়।


