Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

‘নো হেলমেট, নো ফুয়েল’ চালুর কড়া বার্তা! জেলা পুলিশের উদ্যোগে পূর্ব মেদিনীপুরে সূচিত ‘পথ নিরাপত্তা সপ্তাহ’

কাজল মাইতি, দেশ মানুষ :পথদুর্ঘটনা রুখতে ও ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করতে পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই শুরু হল বিশেষ ‘পথ নিরাপত্তা সপ্তাহ’। সোমবার তমলুকের হাসপাতাল মোড়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূ…

কাজল মাইতি, দেশ মানুষ :

পথদুর্ঘটনা রুখতে ও ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করতে পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই শুরু হল বিশেষ ‘পথ নিরাপত্তা সপ্তাহ’। সোমবার তমলুকের হাসপাতাল মোড়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন জেলা পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকরা। এ দিন পথবন্ধুদের হাতে বিশেষ সেফটি কিট তুলে দেওয়ার পাশাপাশি হেলমেট না পরলে পেট্রোল পাম্পে জ্বালানি না দেওয়ার মতো কঠোর পদক্ষেপ ফিরিয়ে আনার স্পষ্ট বার্তা দিয়েছেন জেলাশাসক নিরঞ্জন কুমার।

​৩ অগস্ট থেকে ৯ অগস্ট পর্যন্ত পূর্ব মেদিনীপুরের ১৪টি ট্রাফিক গার্ড এলাকাতেই একযোগে এই পথ নিরাপত্তা সচেতনতা সপ্তাহ পালন করা হচ্ছে। সোমবারের উদ্বোধনী অনুষ্ঠানে জেলাশাসক নিরঞ্জন কুমার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অংশুমান সাহা এবং জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।

​অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পুলিশ সুপার অংশুমান সাহা জানান, নির্বাচনের পর থেকেই জেলার ট্রাফিক ব্যবস্থায় গতি আনতে ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে একাধিক বাস্তবমুখী পদক্ষেপ করেছে পুলিশ। তিনি বলেন, “জাতীয় সড়কের বিভিন্ন বিপজ্জনক বা অপ্রয়োজনীয় অংশে রাখা গার্ডরেল ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া রোগী এবং প্রসূতি মায়েদের যাতায়াতে সমস্যা তৈরি করত, এমন বেশ কিছু অপ্রয়োজনীয় স্পিড ব্রেকারও অপসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে।” 


​অন্যদিকে, জেলাশাসক নিরঞ্জন কুমার জোর দেন জনসচেতনতার ওপর। তিনি স্পষ্ট জানান, আইন প্রয়োগের আগে প্রশাসনের মূল লক্ষ্য হল সাধারণ মানুষকে সচেতন করা। সেই উদ্দেশ্যে পুলিশ, এনসিসি, এনএসএস এবং বিভিন্ন স্কুলের পড়ুয়াদের শামিল করে লাগাতার প্রচার চালানো হচ্ছে। তবে সচেতন করার পরেও নিয়ম ভাঙলে প্রশাসন যে হাত গুটিয়ে বসে থাকবে না, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

​বাইক আরোহীদের হেলমেট পরা বাধ্যতামূলক করার বিষয়ে জেলাশাসকের হুঁশিয়ারি, “অধিকাংশ সড়ক দুর্ঘটনায় মারাত্মক ক্ষতির মুখে পড়েন বাইক আরোহীরাই। তাই জরিমানা তো রয়েছেই, প্রয়োজনে অতীতের মতো ‘নো হেলমেট, নো ফুয়েল’ নীতি ফিরিয়ে আনা হতে পারে। অর্থাৎ হেলমেট না থাকলে মিলবে না পেট্রোল।” নিজের ও পরিবারের সুরক্ষার স্বার্থেই হেলমেট ও সিটবেল্ট ব্যবহার এবং সমস্ত ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য জেলার প্রতিটি নাগরিকের কাছে আবেদন জানান তিনি।