নিজস্ব প্রতিবেদক,বাঁকুড়া, ঝাড়গ্রাম : .শিক্ষকতা তাঁর কাছে মহান ব্রত। তাই শ্রেণীকক্ষের চার দেওয়ালের মধ্যে কখনোই সীমাবদ্ধ রাখেননি নিজেকে।বিদ্যালয়ের সীমানা অতিক্রম করে পৌঁছে গিয়েছেন সমাজের বিভিন্ন প্রান্তে । অর্থের অভাবে বন্ধ হ…
নিজস্ব প্রতিবেদক,বাঁকুড়া, ঝাড়গ্রাম : .শিক্ষকতা তাঁর কাছে মহান ব্রত। তাই শ্রেণীকক্ষের চার দেওয়ালের মধ্যে কখনোই সীমাবদ্ধ রাখেননি নিজেকে।বিদ্যালয়ের সীমানা অতিক্রম করে পৌঁছে গিয়েছেন সমাজের বিভিন্ন প্রান্তে । অর্থের অভাবে বন্ধ হয়ে গিয়েছে কারো উচ্চশিক্ষায় পাঠ গ্রহন,আর্থিক সংকটে বন্ধ হয়ে গিয়েছে কারো জটিল রোগের চিকিৎসা, বিশেষভাবে সক্ষম কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে যেতে পারছে না ।সমস্যার কথা শুনলেই হলো।নিজের সাধ্যমত তাদের পাশে গিয়ে হাজির তিনি । তিনি আর কেউ নন, তিনি মানবদরদী শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্ত্তী । বাঁকুড়া জেলার কদমা উচ্চ বিদ্যালয়ের সংস্কৃত বিষয়ের শিক্ষক এই হেরম্ব বাবু । বাড়ি বাঁকুড়া জেলার হাড়মাসড়া গ্রামে । শিক্ষকতার পাশাপাশি বছর ভর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি নিজেকে জড়িয়ে রাখেন l
জেলার বিভিন্ন প্রান্তের অসংখ্য বিদ্যালয়ের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রতিটি শ্রেণীর সর্বোচ্চ নম্বর প্রাপক শিক্ষার্থীকে তিনি পুরস্কৃত করেন । বিভিন্ন কলেজের সংস্কৃত অনার্স এর সর্বোচ্চ নম্বর প্রাপক শিক্ষার্থীকে গুরুদেবের নামাঙ্কিত রৌপ্য পদক দিয়ে তিনি সম্মানিত করেন ।বাঁকুড়া খ্রীস্টান কলেজ,সম্মিলনী কলেজ, সারদামনি কলেজ,সোনামুখী কলেজ সহ অসংখ্য কলেজ লাইব্রেরী গুলিকে পাঠ্যপুস্তক প্রদান করে তিনি সমৃদ্ধ করেছেন।উদ্দেশ্য হলো শিক্ষায় উৎসাহ বৃদ্ধি করা। ২০২৬ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কিন্তু মেধাবী এই রকমের কুড়িজন শিক্ষার্থীর প্রত্যেককে এককালীন পাঁচ হাজার করে মোট এক লক্ষ টাকার "স্বামী প্রশান্তানন্দ মেমোরিয়াল স্কলারশিপ " তুলে দিলেন তিনি । সম্প্রতি একটি সমাজসেবী সংস্থার মাধ্যমে ঝাড়গ্রাম জেলার চার শিক্ষার্থীকে এই স্কলারশিপ প্রদান করেন তিনি । ঝাড়গ্রাম জেলার স্কলারশিপ প্রাপক এই চার শিক্ষার্থী হলেন, নয়াবসান জনকল্যাণ বালিকা বিদ্যাপীঠের সাথী পৈড়া ও সুনন্দা সাউ, বামুনডিহা হাইস্কুলের সায়ন্তন পাল, নয়াগ্রাম থানা বালিকা বিদ্যাপীঠের সরস্বতী হাঁসদা ।
দীর্ঘ কুড়ি বৎসরেরও বেশি তাঁর শিক্ষকতা জীবন । শিক্ষকতার পাঠদান তিনি শুরু করেছিলেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের অন্তর্গত নয়াবসান জনকল্যান বিদ্যাপীঠে ২০০৬ সালে l এই বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করার পর ২০২১ সালে উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে তিনি বাড়ির নিকটবর্তী কদমা উচ্চ বিদ্যালয়ে বদলি হয়ে যান । তাঁর কর্মের পরিধি কিন্তু বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলার মধ্যেই সীমাবদ্ধ নেই ।এই দুই জেলার গণ্ডি অতিক্রম করে ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে l
হেরম্ব বাবু জানান, তাঁর সঞ্চয় কিছুই নেই l নিজের নামে একটা জীবন বিমাও নেই l যা বেতন পান, সামাজিক কাজেই তিনি তা ব্যয় করেন ।এতেই তাঁর আনন্দ । আর এভাবেই আগামী দিনে এগিয়ে যেতে চান বলে জানান তিনি l
